যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে গত চারদিন ধরে দাবানলের ভয়াবহ তাণ্ডব চলছে। প্যালিসেডেস, ইটন, হার্স্ট ও কেনেথ দাবানল ইতোমধ্যে হাজার হাজার একর জমি পুড়িয়ে ছাই করেছে। এর মধ্যে প্যালিসেডেস দাবানল সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেখানে পুড়েছে ১৯ হাজার একর জমি।
শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত ফায়ার ফাইটাররা মাত্র ৬ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ইটন দাবানলে পুড়েছে ১৩ হাজার একর জমি, যা একেবারেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। অন্যদিকে হার্স্ট দাবানল ৭৭১ একর জায়গা পুড়িয়েছে, যার ৩৭ শতাংশ এবং কেনেথ দাবানল ১ হাজার একর জায়গায় আগুন ছড়িয়েছে, যার ৩৫ শতাংশ নেভানো সম্ভব হয়েছে।
লস অ্যাঞ্জেলসের বাসিন্দাদের অনেকেই দাবানলে তাদের সবকিছু হারিয়েছেন। এর মধ্যে কিছু এলাকায় লুটপাটের ঘটনাও ঘটেছে। মানুষের সম্পদ রক্ষায় ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হয়েছে। লুটপাটে জড়িত থাকার অভিযোগে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মী ও প্রশাসন দিনরাত কাজ করে যাচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: সিএনএন