চালের মূল্যবৃদ্ধি সাময়িক উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তার হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যে সুইচ দিলেই বাজার ঠিক হয়ে যাবে।
বৃহস্পতিবার সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
চালের দাম নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান উপদেষ্টা। এর মধ্যে শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামানো এবং আমদানিকে উদার করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমদানি শুরু হলে যারা মজুতদারি করছেন, তারাও ছাড়তে বাধ্য হবেন, ফলে বাজারে দাম স্বাভাবিক হবে।
বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ কার্যকর হতে দেরি হলে অসাধু ব্যবসায়ীরা মুনাফা লুটবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কাছে মনে হচ্ছে বিষয়টি সাময়িক। বাজার স্থিতিশীল হতে সময় লাগবে।”
চালের মজুতে সমস্যা নেই বলেও জানান তিনি। এর পাশাপাশি ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি এবং পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির প্রস্তুতির কথা বলেন। নিম্ন-আয়ের মানুষকে স্বস্তি দিতে ওএমএস এবং টিসিবির কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আপনারা যদি সিন্ডিকেট চিহ্নিত করে দেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে।”
তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন জানান, সামরিক বাণিজ্য সহযোগিতা, অস্ত্র রপ্তানি, তৈরি পোশাক, ওষুধ এবং খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতে তুরস্কের বিনিয়োগের আগ্রহ নিয়ে আলোচনা হয়েছে। তুরস্কের জন্য একটি পৃথক অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।