বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পর এবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) তাদের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে। যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আখতার হোসেন খানকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা, সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.), জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিন এবং বিওএ’র সাবেক মহাপরিচালক ব্রি. জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.), যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটিকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে গঠনতন্ত্র পর্যালোচনা করে যুগোপযোগী করার সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবেদন বিওএ’র নির্বাহী সভায় উপস্থাপিত হওয়ার পর তা বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
গঠনতন্ত্র সংশোধনের জন্য বিওএ’র এজিএমে অনুমোদনের পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) থেকেও অনুমোদন নিতে হবে।
বিওএ সূত্রে জানা গেছে, নতুন গঠনতন্ত্রের লক্ষ্য হচ্ছে দেশের ক্রীড়া উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা করা।