গুগল ড্রাইভ কোনো ধরনের ফি ছাড়াই ১৫ গিগাবাইট (জিবি) স্টোরেজ ব্যবহারের সুযোগ দেয়।
গুগল ড্রাইভ কোনো ধরনের ফি ছাড়াই ১৫ গিগাবাইট (জিবি) স্টোরেজ ব্যবহারের সুযোগ দেয়। প্রতিদ্বন্দ্বী অন্যান্য ক্লাউড পরিষেবার তুলনায় এ স্টোরেজ বেশ বড়ই। তবে ব্যবহারকারী চাইলে কিছু সাধারণ উপায় অবলম্বন করে স্টোরেজ খালি করতে পারেন। এতে অর্থ সঞ্চয়ের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারেও আরো গোছালো হয়ে ওঠার সুযোগ পাওয়া যায়। এ রকমই কিছু টিপস দেয়া হয়েছে মেকইউজঅবের প্রতিবেদনে—
বড় ফাইল চিহ্নিত ও সরিয়ে ফেলা: গুগল ড্রাইভ স্টোরেজ খালি করার সবচেয়ে ভালো উপায় হলো বড় ফাইল, ছবি ও ভিডিও চিহ্নিত করে মুছে ফেলা। হয়তো স্টোরেজে ৪কে ভিডিও, উচ্চ রেজল্যুশনের ছবি বা জিপ ফাইল থাকতে পারে, যেগুলো স্টোরেজের বড় অংশই দখলে রাখে। এসব ফাইল চিহ্নিত করতে গুগল ড্রাইভের স্টোরেজ মেনু সাহায্য করে। এর জন্য যেকোনো ব্রাউজার থেকে গুগল স্টোরেজে গিয়ে বাম দিকে থাকা স্টোরেজ অপশনে ক্লিক করতে হবে। সেখানে সমস্ত গুগল ড্রাইভ ফাইল আকারে সাজানো থাকবে এবং সবচেয়ে বড় ফাইলগুলো ওপরে থাকবে। এগুলো স্ক্রল করে দেখে প্রয়োজন নেই এমন ফাইলগুলো নির্বাচন করুন, ওপর থেকে থ্রি ডট আইকনে ক্লিক করুন এবং মুভ টু বিন অপশনটি নির্বাচন করুন। এরপর বিন থেকেও মুছে দিতে হবে।
বড় অ্যাটাচমেন্টসহ ই-মেইল ডিলিট: জিমেইলে থাকা ই-মেইল ও অ্যাটাচমেন্টগুলো আপনার অ্যাকাউন্ট স্টোরেজের অংশ হিসেবে গণ্য হয়। তাই বড় অ্যাচাটমেন্টের ই-মেইল ডিলিট করে স্টোরেজ খালি করা যেতে পারে। এক্ষেত্রে জিমেইল খুলে সার্চ বারে লিখতে হবে: has:attachment larger:10M, এটি ১০ এমবির বেশি আকারের অ্যাটাচমেন্ট থাকা সমস্ত ই-মেইল দেখাবে। এবার তালিকা থেকে অপ্রয়োজনীয় মেইলগুলো ডিলিট করে ফেলতে হবে।
হোয়াটসঅ্যাপ ব্যাকআপ থেকে ভিডিও ডিলিট করা: বর্তমানে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল যেমন ভিডিও, ছবি, অডিও গুগল ড্রাইভ স্টোরেজে জমা হয়। ফলে এটিও স্টোরেজ পূর্ণ করে ফেলতে পারে। হোয়াটসঅ্যাপ স্টোরেজ থেকে ভিডিও ডিলিট করতে অ্যাপটি খুলে ওপরের ডান কোণায় থ্রি ডট আইকনে ক্লিক করে সেটিংস নির্বাচন করতে হবে। সেখান থেকে চ্যাটস > চ্যাট ব্যাকআপে গিয়ে ‘ইনক্লুড ভিডিওজ’ অপশনটি বন্ধ করতে হবে।
তবে বড় ফাইল বা পুরনো ব্যাকআপ মুছে ফেলার পরও গুগল ড্রাইভ স্টোরেজ সময়ের সঙ্গে আবার পূর্ণ হতে পারে। এক্ষেত্রে স্টোরেজ ম্যানেজারের ক্লিনআপ পরামর্শ ব্যবহার করা যায়। গুগল ড্রাইভের স্টোরেজ মেনুতে গিয়ে ‘ক্লিনআপ স্পেস’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে থাকা স্প্যাম ই-মেইল, বিনের ফাইলসহ প্রস্তাবিত আইটেমগুলো দেখে প্রয়োজন নেই এমন ফাইল মুছে ফেলতে হবে। আলাদাভাবে জিমেইল বা গুগল ফটোজ থেকে বেশি স্টোরেজ পূর্ণ করছে, এমন এলাকাগুলোও পরিষ্কার করা যাবে।