হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এক শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে বেঙ্গালুরুসহ ভারতের বিভিন্ন রাজ্যে এইচএমপিভি শনাক্ত হওয়ার পর মহারাষ্ট্র ও কর্নাটকে সতর্কতা জারি করা হয়।
মমতা বলেন, “এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর দরকার নেই। রাজ্য প্রশাসন জনগণের সুরক্ষায় সর্বদা প্রস্তুত। এই বিষয়ে রাজ্য সরকারের নির্ধারিত গাইডলাইন অনুসরণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে নতুন নির্দেশনাও মানা হবে।”
বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি কোনো নতুন ভাইরাস নয়। ২০০১ সালে নেদারল্যান্ডসের একদল গবেষক এটি চিহ্নিত করেন। তবে এর উপস্থিতি সম্ভবত বহু শতক ধরে রয়েছে। প্রায় সবাই জীবনে অন্তত একবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শীতকালীন মৌসুমে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। শ্বাসতন্ত্রে সংক্রমণ সৃষ্টি করা এই ভাইরাসটি সাধারণত শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ। তবে এটির বিরুদ্ধে এখনও কোনো টিকা আবিষ্কৃত হয়নি।

বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এইচএমপিভি মোকাবিলায় অ্যান্টি-ভাইরাল ওষুধ এবং সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। চীনে নিউমোনিয়া আক্রান্ত রোগীদের জন্য নতুন চিকিৎসা প্রোটোকল তৈরি হওয়ার পর এই ভাইরাস নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সতর্কতার জন্য করণীয়:
- ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন।
- হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন।
- প্রয়োজনীয় হলে চিকিৎসকের পরামর্শ নিন।
এ বিষয়ে আরও গবেষণার মাধ্যমে সঠিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা।


















