বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোরগোল ফেলে দিলেও সম্প্রতি তাদের একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত মিলেছে। বর্ষবরণের জন্য সপরিবার বিদেশে ঘুরে এসে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা দম্পতি।
শনিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছেন ঐশ্বরিয়া। পেছনে রয়েছেন অভিষেক। গাড়ির কাছে এসে অভিষেক নিজে থেকে ঐশ্বরিয়ার জন্য দরজা খুলে দেন। পরে গাড়ির সামনের আসনে গিয়ে বসেন তিনি।
গত বছর থেকে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও, সম্প্রতি এই ভিডিও দেখে দম্পতির অনুরাগীদের মধ্যে আশার আলো জেগেছে। নেটিজেনদের একাংশের মতে, তাদের একসঙ্গে ছুটি কাটানোর অর্থ হলো সম্পর্কের টানাপড়েন হয়তো কাটতে শুরু করেছে।
২০০৭ সালে বিয়ের পর থেকে বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। তবে গত বছর তাদের একসঙ্গে কম দেখা যাওয়ায় এবং সামাজিক মাধ্যমে বিচ্ছেদ-সম্পর্কিত পোস্টে অভিষেকের লাইক দেওয়ার কারণে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এবারের নতুন বছর দম্পতির জন্য নতুন সমীকরণ বয়ে আনবে বলে আশা করছেন তাদের অনুরাগীরা। বিশেষ করে মেয়ের সঙ্গে তাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বলেই ধারণা করা হচ্ছে।
ঐশ্বরিয়া ও অভিষেকের এই নতুন অধ্যায়ের জন্য অনুরাগীরা শুভকামনা জানাচ্ছেন এবং অপেক্ষা করছেন তাদের সুখী পারিবারিক জীবনের নতুন গল্পের।