ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, তারা প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬১৫ কোটি টাকার গোপন লেনদেনে জড়িত।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে রোববার (৫ জানুয়ারি) এই মামলা দুটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম।
তাপস মেয়র ও সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেন। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকার লেনদেন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
তাপসের স্ত্রী আফরিন তাপস ৬ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ৯টি ব্যাংক হিসাবে প্রায় ৭১ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৩ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, তাপস তার মেয়াদকালে টেন্ডার, নিয়োগ, ইজারা এবং দোকান বরাদ্দে সিন্ডিকেট তৈরি করে দুর্নীতি চালিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি আত্মীয়স্বজনদের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং বিভিন্ন বিভাগে প্রায় ৮৭৯ জন নতুন জনবল নিয়োগ দিয়েছেন, যার মাধ্যমে বিপুল অর্থ অর্জন করেছেন।
এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাপস, তার স্ত্রী এবং তাদের পরিবারের বিভিন্ন ব্যাংক হিসাব জব্দ করে।
দুদকের এ মামলাগুলো দুর্নীতি দমন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীনে দায়ের করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।