উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা সহজেই তাদের ওয়েবক্যামের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা সহজেই তাদের ওয়েবক্যামের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। সাধারণ কিছু উপায় অবলম্বন ও সচেতনতার মাধ্যমে প্রয়োজনীয় ডিভাইসটি ব্যবহারে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সম্ভব। নির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করলে সহজেই এর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। মেকইউজঅবের প্রতিবেদনে উইন্ডোজ ১১-তে ওয়েবক্যামের সুরক্ষায় নিচের সতর্কতাগুলো মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে—
অ্যাপের ক্যামেরা অ্যাকসেস বন্ধ রাখা: উইন্ডোজ ১১-তে নির্দিষ্ট অ্যাপের ক্যামেরা অ্যাকসেস বন্ধ করতে সেটিংস খুলে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ সেকশনে গিয়ে ক্যামেরা অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘লেট অ্যাপস অ্যাকসেস ইউর ক্যামেরা’ অপশন থেকে প্রয়োজনীয় অ্যাপগুলোর টগল বন্ধ করতে হবে। অ্যাপগুলোয় পুনরায় ক্যামেরা অ্যাকসেস পেতে চাইলে একই পদ্ধতিতে টগলটি চালু করতে হবে।
ওয়েবসাইটের ক্যামেরা অ্যাকসেস বন্ধ রাখা: গুগল ক্রোম, ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইটের ক্যামেরা অ্যাকসেস বন্ধ করতে পারেন। ব্রাউজারের সাইট সেটিংস থেকে ক্যামেরা অংশে গিয়ে ওয়েবসাইট নির্বাচন করে ব্লক অপশনটি সিলেক্ট করতে হবে। এছাড়া ডিভাইসে নানা রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। প্রয়োজন ছাড়া কোনো অ্যাপ্লিকেশনে ক্যামেরার এক্সেস দেয়া যাবে না।
ক্যামেরা ব্যবহারে নোটিফিকেশন চালু রাখা: ব্যবহারকারী ক্যামেরা ব্যবহারের নোটিফিকেশন পেতে চাইলে রেজিস্ট্রি এডিটর ব্যবহার করতে হবে। এখানে নো ফিজিক্যাল ক্যামেরা এলইডি ফিল্ডের ভ্যালু এক সেট করে পিসি রিস্টার্ট করতে হবে।
রিমোট অ্যাকসেস বন্ধ রাখা: দূরবর্তী অ্যাকসেস বন্ধ রাখতে রিমোট ডেস্কটপ অপশনটি বন্ধ করতে হবে। সেটিংস থেকে সিস্টেম মেনুতে গিয়ে এ টগল বন্ধ করতে হবে। অপশনটির মাধ্যমে ক্যামেরা চালু করার সময় ব্যবহারকারী তার ডিভাইসে নোটিফিকেশন পাবেন।
ড্রাইভার হালনাগাদ ও ক্যামেরা নিষ্ক্রিয় রাখা: ক্যামেরার ড্রাইভার হালনাগাদ রাখা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ড্রাইভ হালনাগাদ রাখতে ডিভাইস ম্যানেজার থেকে ক্যামেরা নির্বাচন করে আপডেট ড্রাইভার অপশন নির্বাচন করতে হবে। ক্যামেরা সম্পূর্ণ নিষ্ক্রিয় করতে চাইলে ‘ডিজঅ্যাবল ডিভাইস’ অপশনে ক্লিক করলেই হবে।
ভৌত সুরক্ষা: অনাকাঙ্ক্ষিত ব্যবহার এড়াতে ক্যামেরার বহিরাবরণে টেপ বা ক্যামেরা কভার ব্যবহার করা যেতে পারে। এটি নিশ্চিত করবে, ক্যামেরা চালু হলেও কেউ ছবি তুলতে পারবে না।
উপরোক্ত পদ্ধতিগুলো ব্যবহার করে ব্যবহারকারীরা উইন্ডোজ ১১ ডিভাইসে ক্যামেরার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।