ইউক্রেনের সঙ্গে ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রোম। ১ জানুয়ারি, মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ইউক্রেনের সঙ্গে চুক্তি নবায়ন না করায় গ্যাস সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।
এটি ছিল ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের সবচেয়ে পুরোনো পাইপলাইন। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণের পর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উত্তেজনাকর হয়ে ওঠে। সর্বশেষ ২০২২ সালের রুশ বাহিনীর পূর্ণমাত্রার হামলার পর তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, এবং ওই সময় থেকেই এই গ্যাসপাইপলাইনটি বন্ধ হওয়ার পথেই ছিল।
তবে ইউক্রেনের বন্ধ করা গ্যাসপাইপলাইনের মাধ্যমে সরবরাহ বন্ধ হলেও, রাশিয়া এখনও কৃষ্ণসাগরের নিচ দিয়ে তার্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে তুরস্কসহ ইউরোপের কিছু দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইউরোপীয় দেশগুলো রাশিয়ার গ্যাসের ওপর তাদের নির্ভরতা কমাতে শুরু করে। ২০২১ সালে ইউরোপের ৪০ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আসলেও, ২০২৩ সালে তা ১০ শতাংশে নেমে আসে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা রাশিয়াকে তাদের “রক্তের ওপর দিয়ে” লাভ করতে দেবেন না। এর পরেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ট্রানজিট পাইপলাইনটি বন্ধ করে দেয় কিয়েভ।
সূত্র: রয়টার্স