বছরজুড়ে পুঁজিবাজারে নানা অস্থিরতা, অনিশ্চয়তা থাকলে লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। গত এক বছরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়েছে ৭ হাজার ৫৭৯ কোটি ৯১ লাখ টাকার বা ৫.৩৭ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২৪ সালে ডিএসইতে মোট ২৩৫ কর্মদিবস লেনদেন হয়েছে। আর এই সময়ে ডিএসইতে মোট ১ লাখ ৪৮ হাজার ৬৩৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অন্যদিকে ২০২৩ সালে ডিএসইতে মোট ২৪৪ কর্মদিবস লেনদেন হয়েছিল। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১ লাখ ৪১ হাজার ৫৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইর তথ্য মতে, ২০২৪ সালে ডিএসইর সর্বোচ্চ লেনদেন ছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকার। আলোচ্য বছরে ডিএসইর সর্বনিম্ন লেনদেন ছিল ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা।
অন্যদিকে ২০২৩ সালে ডিএসইর সর্বোচ্চ লেনদেন ছিল ১ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা। আলোচ্য বছরে ডিএসইর সর্বনিম্ন লেনদেন ছিল ১৪৬ কোটি ৫১ লাখ টাকা

গড় লেনদেন
এদিকে বছরের ব্যবধানে বেড়েছে ডিএসইর গড় লেনদেনের পরিমাণ। ২০২৪ সালে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৩২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০২৩ সালে প্রতিদিন ডিএসইর গড় লেনদেন ছিল ৫৭৮ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৩৯ লাখ টাকা বা ৯.৪০ শতাংশ।


















