কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় নতুন চমক আনল ওপেনএআই। এবার হোয়াটসঅ্যাপে সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে, কোনো আলাদা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে এই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান।
এই ফিচার ব্যবহার করতে চাইলে চ্যাটজিপিটির নির্ধারিত নম্বর +১-৮০০-২৪২-৮৪৭৮ সেভ করতে হবে। এরপর সাধারণ চ্যাটের মতোই মেসেজ পাঠিয়ে প্রশ্ন করতে পারবেন। চ্যাটজিপিটি তাৎক্ষণিক উত্তর দেবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা শুধু মেসেজ নয়, সরাসরি কল করেও চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে পারবেন। এই সুবিধা এসেছে চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড এর মাধ্যমে, যা স্বাভাবিক মানুষের মতো কথোপকথনের অভিজ্ঞতা দেয়।
বিশেষ একটি সুবিধা হলো, যেসব জায়গায় ইন্টারনেট নেই সেখানেও ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সেবা নিতে পারবেন। কেবল কল করেই পাওয়া যাবে প্রয়োজনীয় সাহায্য।
এই পরিষেবা ব্যবহার করতে ওপেনএআই অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যতে ব্যক্তিগত অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক হবে।
নতুন এই ফিচারে দৈনিক ব্যবহারের সীমা রয়েছে। নির্ধারিত সীমা পার হলে ব্যবহারকারীকে তা জানানো হবে।
হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হওয়ায় এখানে শুধুমাত্র টেক্সট মেসেজে চ্যাটজিপিটির সঙ্গে যোগাযোগ করা যাবে। ভয়েস কলের সুবিধা এখনও সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হয়নি।
চ্যাটজিপিটির এই নতুন সংযোজন দৈনন্দিন জীবনের কাজকে আরও সহজ এবং দ্রুত করবে বলে আশা করা হচ্ছে। আপনি কীভাবে এই ফিচার ব্যবহার করবেন, এখনই চেষ্টা করে দেখুন!