২০২৪ সালে বিশ্বব্যাপী ২৭১ কোটি মানুষ অনলাইনে কেনাকাটা করেছেন, যা বিশ্বের মোট জনসংখ্যার ৩৩ শতাংশ। আগের বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। ২০২৫ সালে এ সংখ্যা ২৭৭ কোটি ছাড়াবে বলে ধারণা করছে অনলাইন ডাটা বিশ্লেষণ প্ল্যাটফর্ম ডিমান্ডসেইজ।
ডিমান্ডসেইজের তথ্য অনুযায়ী, অনলাইনে কেনাকাটায় শীর্ষে রয়েছে চীন। দেশটির ৯১ কোটি ৫১ লাখ মানুষ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রে অনলাইন ক্রেতার সংখ্যা ২৭ কোটির বেশি। ২০২৪ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় অনলাইন ক্রেতার সংখ্যা বেড়েছে সবচেয়ে দ্রুত, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ।
২০২৪ সালে বৈশ্বিক ই-কমার্স বাজারের বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৮ দশমিক ৭৬ শতাংশ বেশি। ২০২৭ সালের মধ্যে এ বাজার ৮ লাখ কোটি ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে বৈশ্বিক ই-কমার্স সাইটের সংখ্যা ২ কোটি ৭২ লাখ।
মোবাইল ডিভাইস ব্যবহার করে অনলাইন কেনাকাটা দ্রুত বাড়ছে। ২০২৩ সালে এ খাতে ৪ লাখ কোটির বেশি পণ্য বিক্রি হয়েছে। প্রতি সপ্তাহে ৩৪ শতাংশ ক্রেতা অন্তত একবার এবং প্রতি মাসে ৮২ শতাংশ ক্রেতা একবার অনলাইনে কেনাকাটা করেন।
কর্মব্যস্ত জীবনে সময় বাঁচাতে ক্রেতারা ওয়েবসাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেনাকাটার দিকে ঝুঁকছেন। অনলাইন কেনাকাটা সুবিধাজনক হলেও নিরাপত্তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। প্রযুক্তিবিদরা ক্রেতাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার এবং ক্যাশ অন ডেলিভারি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, ই-কমার্স খাতে বিনিয়োগ বাড়ানো ব্যবসার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।