দীর্ঘদিনের লাগামহীন মূল্যবৃদ্ধির পর রাজধানীর বাজারে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধির কারণে এসব পণ্যের দাম কমলেও মুরগির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
কাওরান বাজার, পলাশী, নিউমার্কেট, জিগাতলা ও লালবাগের বিভিন্ন বাজারে দেখা গেছে, আলু এখন কেজি প্রতি ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৭৫ টাকা। দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা কমে ৬০-৭০ টাকায় নেমেছে। শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি ও ফুলকপি ৪০ টাকায়, মুলা ৩০ টাকায় এবং শসা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতারা জানান, এসব দামে কিছুটা হলেও পরিবারের ব্যয়ের চাপ কমেছে। বিক্রেতারাও আশা করছেন, দাম স্থিতিশীল থাকলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হবে।
অন্যদিকে, মুরগির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সোনালি মুরগি কেজি প্রতি ২০ টাকা বেড়ে ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে ২২০ টাকায়। ফার্মের ডিম ৪৫-৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
চালের বাজারে নতুন আটাশ ৬০ টাকায় এবং মিনিকেট কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে কার্প জাতীয় মাছ ২৫০-৩৫০ টাকায় এবং পাবদা ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০-১১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারে স্বস্তি ফিরলেও মুরগি ও চালের দাম বৃদ্ধিতে ক্রেতাদের স্বস্তি কিছুটা ম্লান করেছে। সরবরাহ বৃদ্ধির পাশাপাশি বাজার তদারকির ওপর জোর দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।