তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বালিকেসির শহরে একটি গোলাবারুদ ও বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ঘটনায় শোকাহত পরিবার ও স্থানীয় জনগণ।
মঙ্গলবার(২৪ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে (৫:২৫ জিএমটি) বালিকেসির শহরের কোতেইলি টাউনশিপে এই বিস্ফোরণ ঘটে। কারখানার ক্যাপসুল উৎপাদন বিভাগে বিস্ফোরণটি শুরু হয়। বালিকেসিরের গভর্নর ইসমাইল উস্তাওগলু বিষয়টি নিশ্চিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি তবে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে।
বিস্ফোরণের ফলে কারখানার একটি অংশ ধ্বংস হয়ে যায় এবং একটি অগ্নিগোলক আকাশে উঠে চারপাশে অন্ধকার ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে ভাঙা ইস্পাতের টুকরো ও ধ্বংসস্তূপ দেখা গেছে। বিস্ফোরণের কম্পনে পুরো কোতেইলি এলাকা কেঁপে ওঠে বলে সিএনএন তুর্ককে প্রত্যক্ষদর্শীরা জানান।
অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নিয়োজিত হন। সেইসঙ্গে স্বাস্থ্য এবং নিরাপত্তা সংস্থাগুলো আহতদের উদ্ধার ও চিকিৎসা দিতে ঘটনাস্থলে ছুটে যায়। গভর্নর উস্তাওগলু সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে নিহতদের জন্য আল্লাহর রহমত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিচারমন্ত্রী ইয়িলমাজ তুঞ্চ জানিয়েছেন, বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এই মর্মান্তিক দুর্ঘটনা তুরস্কের শিল্প নিরাপত্তা ও জরুরি সেবার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তথ্যসূত্র : বিবিসি


















