২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। কাতারের পর মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই বিশ্বকাপে মদ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। কাতার ২০২২ বিশ্বকাপের মতো সৌদি আরব আবগারি আইন শিথিল করবে না বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ফিফার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ৪৮ দলের অংশগ্রহণে সৌদি আরবের ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮টি স্টেডিয়াম হবে রাজধানী রিয়াদে।
১৯৫২ সাল থেকে সৌদি আরবে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা দেশটির আইনে কঠোরভাবে বলবৎ করা হয়। মদপানের অপরাধে কারাদণ্ড, বেত্রাঘাত, জরিমানা কিংবা দেশ থেকে বহিষ্কারের মতো শাস্তি দেওয়া হয়।
বিশ্বকাপে অংশ নিতে নানা দেশের সমর্থকরা সৌদি আরবে সমবেত হলেও স্টেডিয়ামে বা প্রকাশ্যে মদ্যপানের কোনো ব্যবস্থা থাকবে না। গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যাচ চলাকালীন মদ বিক্রির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছে সৌদি কর্তৃপক্ষ। ফিফাও এ বিষয়ে কোনো আবেদন করবে না বলে জানা গেছে।
কাতার ২০২২ বিশ্বকাপের সময় আবগারি আইন শিথিল করা হয়েছিল, যেখানে নির্দিষ্ট কিছু স্থানে মদ বিক্রি ও পান করার অনুমতি ছিল। তবে সৌদি আরব এর ব্যতিক্রম, যেখানে বিলাসবহুল হোটেলসহ সব জায়গায় মদ নিষিদ্ধ।
সম্প্রতি সৌদি আরব পর্যটন এবং কূটনৈতিক এলাকায় অমুসলিমদের জন্য নির্দিষ্ট সীমিত পরিসরে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। তবে ২০৩৪ সালের বিশ্বকাপে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপ শুরু হতে এখনও ১০ বছর বাকি। তখন পরিস্থিতি এবং নীতি পরিবর্তন হতে পারে কিনা, তা সময়ই বলে দেবে।