কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত এবং আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় মেলেনি। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।



















