২০২৪ সালের শেষ প্রান্তে এসে ক্রিকেট বিশ্বে হিসাব-নিকাশ চলছে। তবে বছর শেষে বিব্রতকর অবস্থায় পড়েছে পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ শঙ্কার মুখে রয়েছে নিজেদের অবস্থান নিয়ে।
চলতি বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান। দলটি ১৬টি ম্যাচে হার নিয়ে এই লজ্জাজনক তালিকায় স্থান পেয়েছে। তবে এককভাবে নয়, পাকিস্তান তাদের অবস্থান ভাগাভাগি করছে উগান্ডার সঙ্গে।
টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারার তালিকায় নড়বড়ে অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে দুই দলই ১০৭টি করে ম্যাচ হেরেছিল। প্রথম ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সংখ্যা বেড়ে ১০৮টিতে পৌঁছেছে।
বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ। সিরিজের শেষ দুই ম্যাচে পরাজিত হলে সবচেয়ে বেশি হারের রেকর্ড তাদের দখলে চলে যাবে। তবে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর টাইগাররা নিশ্চয়ই বছরটি লজ্জার রেকর্ড দিয়ে শেষ করতে চাইবে না।
শেষ ম্যাচগুলোতে জয় তুলে এনে নিজেদের মান বাঁচাতে পারবে কি বাংলাদেশ? সেটাই এখন দেখার অপেক্ষা।