মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় আজ তিনটি জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ডদের অংশগ্রহণে এই কনসার্টগুলোতে থাকবে দেশাত্মবোধক গান, ঐতিহ্যবাহী সংগীত, ও সমসাময়িক ব্যান্ড পারফরম্যান্স।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দুপুর ১২টায় শুরু হয়েছে উন্মুক্ত কনসার্ট। এখানে এক মঞ্চে হাজির হয়েছেন দেশের সেরা শিল্পীরা।
একক পারফরম্যান্সে গাইছেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
ব্যান্ড পারফরম্যান্সে থাকছে নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা এবং সোনার বাংলা সার্কাস।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যা ৬টায় শুরু হবে উন্মুক্ত সংগীতানুষ্ঠান। এ আয়োজনে দেশের ঐতিহ্য ও বিজয়ের চেতনা তুলে ধরা হবে গানের মাধ্যমে।
সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কে চলছে ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’। সংগীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় ব্যান্ড কাকতাল ও শুভ্র।
বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এসব কনসার্টে দর্শনার্থীদের জন্য মুক্ত প্রবেশের সুযোগ রাখা হয়েছে। সংগীতপ্রেমীদের জন্য এটি দেশের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ।