রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ ওয়াহিদুল ইসলাম। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্মসচিব মীনাক্ষী বর্মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন মোঃ ওয়াহিদুল ইসলাম। পদোন্নতির মাধ্যমে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল ম্যানেজার থাকাকালীন ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।
পরবর্তীতে সোনালী ব্যাংকে বদলি হয়ে উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। দীর্ঘ কর্মজীবনে তার অভিজ্ঞতা ও দক্ষতাকে মূল্যায়ন করে এবার রূপালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হলো।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন শেষে শিগগিরই তিনি নতুন দায়িত্বে যোগদান করবেন।