দীর্ঘ সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে ফেরা তামিম ইকবাল এবার নিজেকে মেলে ধরলেন। এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট বিভাগের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুললেন বাংলাদেশের এই ওপেনার।
সিলেটের একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রামের শুরুটা দারুণ ছিল। তামিম ইকবাল এবং মাহমুদুল জয় উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৮০ রান যোগ করেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা তামিম মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করেন। তার ইনিংসে ছিল ৮টি চারের সঙ্গে ৩টি বিশাল ছক্কা।
তামিম শেষ পর্যন্ত ৩৩ বলে ৬৫ রান করে তোফায়েল আহমেদের বলে সৈয়দ খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হন। অন্যদিকে, মাহমুদুল জয় ১৭ বলে ২৯ রান করেন।
তবে তামিমের বিদায়ের পর চট্টগ্রামের ব্যাটিং লাইন ধসে পড়ে। নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৪৫ রান।
তামিমের এই ঝোড়ো ইনিংস প্রত্যাবর্তনের পর তার ফর্মের ইঙ্গিত হিসেবে ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা।