নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। স্থানীয় সময় বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় তিনি এই ঘোষণা দেন।
ক্রিস্টোফার রে জানান, ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে এ পদত্যাগ এফবিআইকে অপ্রয়োজনীয় অস্থিরতা থেকে বাঁচানোর জন্য তার নেওয়া সঠিক সিদ্ধান্ত। তিনি বলেন, “ব্যুরোর স্বার্থেই বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাজ করার পর জানুয়ারিতে আমি পদত্যাগ করব।”
এদিকে ট্রাম্প ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি রে-কে বরখাস্ত করবেন।
ক্রিস্টোফার রে-র পদত্যাগের ঘোষণা আসার আগেই ট্রাম্প এফবিআইয়ের নতুন প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। কাশ প্যাটেল ট্রাম্পের ঘনিষ্ঠ অনুগতদের একজন এবং তার লক্ষ্য এফবিআইয়ের ক্ষমতা সীমিত করা।
২০১৭ সালে ক্রিস্টোফার রে-কে এফবিআই পরিচালক হিসেবে মনোনীত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ১০ বছরের মেয়াদ থাকলেও ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর এফবিআইয়ের তদন্তের কারণে রে রিপাবলিকানদের তোপের মুখে পড়েন।
উল্লেখ্য, ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইতিহাসে দ্বিতীয়বার বিরতির পর হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। তার শপথ গ্রহণ হবে আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে এবং এফবিআইয়ের অভ্যন্তরীণ পরিবেশে আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে।