পাকিস্তানের বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান আসছেন ঢাকায়। আগামী ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে তিনি পারফর্ম করবেন। ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ জুলাই-আগস্ট গণআন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে সহায়তায় ব্যয় করা হবে।
কনসার্টের টিকিট ইতোমধ্যে অনলাইনে উন্মুক্ত করা হয়েছে।
রাহাত ফাতেহ আলী খান ছাড়াও কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র্যাপার সেজান, হান্নান ও সিলসিলিয়া। এ ছাড়া থাকবে জুলাই বিপ্লবের ওপর গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটক।
কনসার্ট আয়োজকরা জানিয়েছেন, রাহাত ফাতেহ আলী খান কোনো পারিশ্রমিক ছাড়াই এই কনসার্টে অংশ নিচ্ছেন। তার পারিশ্রমিকের সমপরিমাণ অর্থও আহত ও নিহতদের পরিবারকে প্রদান করা হবে।
‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই কনসার্টের প্রধান লক্ষ্য হলো আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তা। আয়ের পুরো অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।
কনসার্টের মাধ্যমে শ্রোতারা একদিকে উপভোগ করবেন সংগীতের অসাধারণ পরিবেশনা, অন্যদিকে গুরুত্বপূর্ণ একটি মানবিক উদ্যোগে অংশগ্রহণ করতে পারবেন।