বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় সেনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি ট্যাংক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
গত রোববার বিদ্রোহীদের চাপে পরিবারসহ রাশিয়ায় পালিয়ে যান বাশার আল-আসাদ। এর মাধ্যমে পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়ার শাসনে থাকা আল-আসাদ পরিবারের পতন ঘটে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের হামলার উদ্দেশ্য সিরিয়ার সেনা অস্ত্রভাণ্ডার শত্রুর হাতে যাওয়ার ঝুঁকি রোধ করা। যদিও তেল আবিব দাবি করেছে, ইসরায়েলি সৈন্যরা সীমান্ত বাফার জোন অতিক্রম করেনি। তবে স্থানীয় ও আন্তর্জাতিক সূত্র বলছে, ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছাকাছি কাতানা শহরে পৌঁছে গেছে।
আসাদের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাংক, দোকানপাট, এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের রাস্তাঘাট পরিষ্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।
ইসরায়েলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে মিসর, কাতার ও সৌদি আরব। রিয়াদ জানিয়েছে, ইসরায়েলের হামলা সিরিয়ায় নিরাপত্তা ফেরানোর সম্ভাবনাকে নষ্ট করছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের লক্ষ্য শুধুমাত্র সামরিক অস্ত্রভাণ্ডার সুরক্ষিত রাখা। গত তিন দিনে সিরিয়াজুড়ে চালানো হয়েছে অন্তত ২০০টি বিমান হামলা।
সিরিয়ার পরিস্থিতি অনিশ্চিত হলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইসরায়েলের এই ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।