রাজনীতির বিদ্রূপধর্মী গল্প নিয়ে নির্মিত সিরিজ ‘৮৪০’ আগামী শুক্রবার, ১৩ ডিসেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মোস্তফা সরয়ার ফারুকীর এই সিরিজ ইতোমধ্যেই ট্রেলারের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ট্রেলারে প্রদর্শিত সংলাপ ও দৃশ্যাবলি দেখে অনেকেই সদ্য ক্ষমতাচ্যুত সরকারের কর্মকাণ্ডের সঙ্গে মিল পেয়েছেন।
ট্রেলারের এক সংলাপ—“আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন?”—দর্শকদের মনোযোগ কেড়েছে। নির্মাতা ফারুকী একে আখ্যা দিয়েছেন, “আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট।”
সিরিজটির গল্প এক মফস্বল শহরের মেয়রকে কেন্দ্র করে। ক্ষমতায় থাকা অবস্থায় তার বিভিন্ন কর্মকাণ্ড—নির্বাচনী প্রচারণা, উন্নয়ন কাজের প্রচার, মিথ্যা অভিনয়, এমনকি ভোটের আগে সহানুভূতি পাওয়ার জন্য চাঞ্চল্যকর কৌশল—উঠে আসবে।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। তার সঙ্গে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম এবং প্রান্তর দস্তিদার।
২০২৩ সালের নভেম্বরে সিরিজের কাজ শুরু করেন ফারুকী। তিনি জানান, আওয়ামী লীগ তখন ক্ষমতায় থাকায় কাজের সময় আতঙ্ক ছিল। ফারুকীর ভাষায়, “সিরিজটি নির্মাণ করতে গিয়ে ভয়ে ভয়ে ছিলাম। তবে এটি দর্শকদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি তুলে ধরবে।”
ছবিয়াল প্রোডাকশন প্রযোজিত ‘৮৪০’ শুধু প্রেক্ষাগৃহ নয়, ওটিটি এবং টেলিভিশন প্ল্যাটফর্মেও দেখা যাবে। প্রযোজনায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা, সহ-প্রযোজনায় ফরিদুর রেজা সাগর।
‘৮৪০’ কি সত্যিই একটি সরকারের দুঃশাসনের প্রতিচ্ছবি হয়ে উঠবে? তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পাওয়া পর্যন্ত।