বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, আমির খান, ও সালমান খানকে একসঙ্গে সিনেমায় দেখা দর্শকদের বহুদিনের স্বপ্ন। যদিও তারা একসঙ্গে কাজ করেননি, তবে সাম্প্রতিক এক আলোচনায় আমির খান জানিয়েছেন, এমন একটি সিনেমা হতে পারে, যা এই তিন কিংবদন্তিকে একই পর্দায় নিয়ে আসবে।
৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা গ্রহণকালে এক নারী দর্শকের প্রশ্নের জবাবে আমির বলেন, “আমিই প্রথম প্রস্তাব দিয়েছিলাম আমাদের তিনজনকে নিয়ে একটি সিনেমা তৈরির। শাহরুখ ও সালমানও এ বিষয়ে আগ্রহী। আমরা একমত হয়েছি যে, একসঙ্গে কাজ না করা সত্যিই দুঃখজনক হবে।”
তবে আমির এও বলেন, একটি শক্তিশালী গল্প ও উপযুক্ত চিত্রনাট্যের অপেক্ষা চলছে। এমন একটি চিত্রনাট্য তৈরি হলে, সিনেমাটি বাস্তবায়ন করতে আর সময় লাগবে না।
শাহরুখ ও সালমান একসঙ্গে কাজ করেছেন ‘করণ অর্জুন’ সিনেমায়, আর আমির ও সালমান জুটি বেঁধেছিলেন ‘আন্দাজ আপনা আপনা’-তে। তবে তিন খান একসঙ্গে কখনোই কোনো সিনেমায় কাজ করেননি।
সিনেমাপ্রেমীরা আশাবাদী, খুব শিগগিরই বলিউডের এই মাইলফলক বাস্তবায়িত হবে এবং একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে।