বাজারে সয়াবিন তেলের সংকট ঘনীভূত হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি টিমগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছয়টি টিম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে ভোজ্যতেল বিশেষত সয়াবিন ও পাম অয়েলের মজুদ ও সরবরাহ পর্যবেক্ষণ করবে। বাজার তদারকির সময় কোনো ধরনের অনিয়ম বা কারসাজি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি সয়াবিন তেলের চাহিদার তুলনায় সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা দাবি করেছেন, মিল মালিকদের পক্ষ থেকে চাহিদার মাত্র ১০ থেকে ২০ শতাংশ সরবরাহ করা হচ্ছে। ফলে বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি সংকটও গভীর হচ্ছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি চলতে থাকলে আসন্ন রমজানে ভোজ্যতেলের ঘাটতি পুরো বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইতোমধ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করেছে এবং সংকট নিরসনে কঠোর মনিটরিং চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে সঠিক সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।