স্মার্টফোন বাজারে সাড়া জাগাতে রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন মডেল আনতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডিভাইসটিতে থাকবে আইপি৬৯ রেটিংসহ উন্নতমানের সুরক্ষা ব্যবস্থা। এর ফলে ধুলা, পানি, এবং চ্যালেঞ্জিং পরিবেশে ফোনটি ব্যবহারের জন্য এক অনন্য মানদণ্ড তৈরি করবে।
গুজব বলছে, ফোনটি পানিতে ডুবিয়ে রাখলেও ১০ দিন পর্যন্ত সচল থাকবে। এছাড়াও এটি ধুলোমাখা পরিবেশ, তুমুল বৃষ্টি বা সমুদ্র সৈকতে ঘোরাঘুরির মতো প্রতিকূল পরিস্থিতিতে কার্যক্ষম থাকবে। আইপি৬৯ ছাড়াও থাকতে পারে আইপি৬৮ এবং আইপি৬৬ সার্টিফিকেশন, যা ফোনটিকে পানি ও ধুলোর ক্ষতি থেকে সুরক্ষা দেবে।
অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন:
ডিভাইসটিতে সনিক ওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে, যা পানির সংস্পর্শে এলে সাউন্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ৫০% পানি বের করে দিয়ে ডিভাইসটিকে সচল রাখবে। পাশাপাশি এর মেটাল ফ্রেম এবং এয়ারব্যাগ ডিজাইন ফোনটিকে উঁচু স্থান থেকে পড়ার ঝুঁকি থেকেও সুরক্ষা দেবে।
এই ফোনের মাধ্যমে রিয়েলমি মিড-রেঞ্জের স্মার্টফোন বাজারে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ডিভাইসটির বিস্তারিত তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে প্রযুক্তিপ্রেমীরা আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন।



















