ভারতীয় আধিপত্যবাদবিরোধী প্রতিবাদ জানাতে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় জমেছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টার আগে থেকেই দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রায় অংশ নেবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
এ কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টন থেকে পদযাত্রা করে ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করবে তারা।
এতে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।