জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ২০২৫ সালের ৫ মে থেকে আইওএস ১৫.১-এর নিচে পরিচালিত আইফোনে সেবা বন্ধ করতে যাচ্ছে। এর ফলে আইফোন ৫এস, আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার আর সম্ভব হবে না।
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার *WABetaInfo* জানিয়েছে, নতুন আপডেটের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং উদ্ভাবনী ফিচার সংযুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে আইওএস ১২ বা তার ওপরের সংস্করণে হোয়াটসঅ্যাপ সমর্থিত হলেও, ভবিষ্যতে আইওএস ১৫.১ ন্যূনতম প্রয়োজন হবে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের ডিভাইসে আইওএস আপডেট করার সুযোগ নেই, তারা ডিভাইস পরিবর্তন করে নতুন আইফোন ব্যবহার করতে পারেন। তবে আপডেটের আগে ব্যবহারকারীদের জন্য ৫ মাস সময় রয়েছে।
পুরোনো ডিভাইস থেকে সমর্থন প্রত্যাহার হোয়াটসঅ্যাপের উন্নয়ন প্রক্রিয়ার একটি অংশ। এতে নতুন ফিচারগুলো পুরোনো ডিভাইসের সীমাবদ্ধতা কাটিয়ে ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দেবে।
নতুন আইফোন ব্যবহারকারীরা সহজেই সেটিংসে গিয়ে সর্বশেষ আইওএস ভার্সনে আপডেট করতে পারবেন। যারা আপডেট করতে পারবেন না, তাদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য নতুন ডিভাইস কেনার বিকল্প বিবেচনা করতে হবে।