ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ন

২০২৪ সালে প্রযুক্তি খাতে ছাঁটাই দেড় লাখ কর্মী

বৈশ্বিক প্রযুক্তি খাত ২০২৪ সালে এক বড় সংকটের মধ্য দিয়ে গেছে। পরিচালন ব্যয় কমানো এবং ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে এ বছর প্রায় দেড় লাখ কর্মী ছাঁটাই করেছে বড় প্রযুক্তি কোম্পানিগুলো। ইন্টেল, টেসলা, সিসকো, মাইক্রোসফট, ডেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে ভারতীয় এডুটেক কোম্পানি বাইজুসও এ তালিকায় রয়েছে।

ইন্টেলের বড় কাটছাঁট
চিপ নির্মাতা ইন্টেল ব্যাপক লোকসানের কারণে ২০২৪ সালের মধ্যে ১০০ কোটি ডলার পরিচালন ব্যয় কমানোর ঘোষণা দিয়েছে। এর আওতায় ১৫ হাজার কর্মী ছাঁটাই শুরু হয়েছে, যা কোম্পানির মোট কর্মীর ১৫ শতাংশের বেশি।

টেসলা ও সিসকোর পদক্ষেপ
টেসলা এ বছর দুই ধাপে ১৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে। কোম্পানির সুপারচার্জিং স্টেশন টিমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারাও এর আওতায় পড়েছেন। অন্যদিকে সিসকো সিস্টেমস এ বছর দুই দফায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা তাদের বৈশ্বিক কর্মশক্তির ১২ শতাংশ।

মাইক্রোসফট, ডেল ও উবার
মাইক্রোসফটের গেমিং বিভাগে আড়াই হাজার কর্মী ছাঁটাই হয়েছে। ডেল কম্পিউটার ব্যবসায় চাহিদা কমায় ছয় হাজার কর্মী ছাঁটাই করেছে। উবার ৬,৭০০ কর্মী ছাঁটাই করেছে এবং তাদের বিভিন্ন অফিস ও গবেষণাগারের কার্যক্রম বন্ধ করেছে।

বাইজুসের সংকট
ভারতীয় এডুটেক প্রতিষ্ঠান বাইজুস ঋণ পরিশোধের চাপে পড়ে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে এবং কয়েকশ কর্মী ছাঁটাইয়ের আরও পরিকল্পনা করেছে।

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে এ ছাঁটাই বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগের কৌশলগত পরিবর্তনের ফলাফল বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ