জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে আলোচনার শেষ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার ফেরার গুঞ্জন শোনা গেলেও সেটি আর হচ্ছে না। আফগানিস্তান সিরিজের পর এবার ক্যারিবিয়ান সিরিজেও দেখা যাবে না টাইগার এই অলরাউন্ডারকে। এমন পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সাকিব ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
সাকিবের অনুপস্থিতিতে বিপিএলের গ্ল্যামার কমবে কিনা এমন প্রশ্নের উত্তরে ফারুক বলেন, _”সাকিব আল হাসানের বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে পারি না। আমরা সবাই চাই সে খেলুক। কিন্তু তার দেশে ফিরতে না পারার যে কারণ, সেটা বোর্ডের আওতায় নয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনে।”_
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অংশগ্রহণ প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, _”সে এখনো আমাদের পরিকল্পনার অংশ। আমরা আশাবাদী, তার সমস্যার সমাধান হলে সে জাতীয় দলে ফিরবে।”_
তবে জাতীয় দলে খেলার বিষয়ে সাকিবের মানসিক প্রস্তুতির অভাব উল্লেখ করে ফারুক বলেন, _”ফ্র্যাঞ্চাইজি লিগ আর দেশের হয়ে খেলা এক নয়। জাতীয় দলের জন্য মানসিকভাবে শতভাগ প্রস্তুত থাকা জরুরি।”_
সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় প্রশ্ন তুলেছে। তার ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুরো জাতি।