গত ২২ বছরে বৈশ্বিক বাণিজ্যে তুরস্কের অংশীদারিত্ব দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী ওমর বলাত জানিয়েছেন, ২২ বছর আগে তুরস্কের বিশ্ব বাণিজ্যে অংশ ছিল মাত্র ০.৪৯ শতাংশ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১.০৮ শতাংশে।
গত মঙ্গলবার ইস্তানবুলে অনুষ্ঠিত ইনডিপেনডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেনস অ্যাসোসিয়েশন (এমইউএসআইএডি) এক্সপো ২০২৪-এ এ তথ্য জানান তিনি।
তুরস্ক বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে বিশ্বের ১৭তম বৃহত্তম অর্থনীতি এবং ক্রয়ক্ষমতার সমতা (পিপিপি) বিচারে ১১তম স্থানে রয়েছে।
চার দিনব্যাপী এ ইভেন্টে ৮৮টি দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। প্রায় ১০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ এক্সপো আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বাণিজ্যমন্ত্রী বলাত জানান, তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় রফতানিকারকদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, বৈঠক ও সম্মেলন আয়োজনের মাধ্যমে রফতানির নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইয়িলমাজ বলেন, এই এক্সপো আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা এবং নতুন বিনিয়োগের পথ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমইউএসআইএডির প্রধান মুহাম্মদ আসমালি জানান, এবারের এক্সপোতে ১১৫টি দেশের ২ হাজার ১৫০ জন অংশগ্রহণকারী এবং ৩০০টি কোম্পানি বিভিন্ন খাতে অংশগ্রহণ করছে।
বাণিজ্য সম্প্রসারণে এই উদ্যোগ বৈশ্বিক ব্যবসা সম্প্রসারণে তুরস্কের জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।