ডিজিটাল যুগে হারিয়ে যাওয়া চিঠি লেখার আবেগ আবার ফিরিয়ে এনেছে একটি অ্যাপ। ‘চিঠি ডটমি’ নামের অ্যাপটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। অল্প কয়েকদিনের মধ্যেই এটি গুগল প্লে স্টোরে ১ লাখেরও বেশি ডাউনলোড এবং ১০ লাখের বেশি চিঠি আদান-প্রদানের রেকর্ড গড়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসানের নির্মিত এই অ্যাপটি প্রযুক্তির মাধ্যমে পুরনো দিনের চিঠির অনুভূতিকে ফিরিয়ে এনেছে। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন ডিজাইনের নোটপ্যাডে, হাতে লেখা স্টাইলে চিঠি লিখতে পারবেন।
অ্যাপটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বেনামি চিঠি লেখার সুযোগ। গুগল প্লে স্টোর থেকে Chithi.me ডাউনলোড করে নাম নিবন্ধন করার পর নিজের লিংক শেয়ার করলে পরিচিতরা সেই লিংকে চিঠি লিখতে পারবেন। লেখকের নাম গোপন থাকে, তবে ইচ্ছা করলে লেখক তার পরিচয় প্রকাশ করতে পারেন।
নব্বই দশকের হারানো দিনগুলোকে স্মরণ করিয়ে দেওয়া এই অ্যাপ ইতোমধ্যেই নস্টালজিক চিঠি প্রেমীদের মন জয় করেছে। নতুন প্রজন্মের কাছে এটি চিঠির প্রতি এক বিশেষ আবেগ তৈরি করছে।