রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন চালকরা। রোববার (২৪ নভেম্বর) সকালে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। মূল দাবি— প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি।
মোহাম্মদপুর বেড়িবাঁধের নবীনগর-৭, ভাঙা মসজিদ এবং চার রাস্তার মোড়ে বিক্ষোভ চালিয়ে যান চালকরা। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এই বিক্ষোভের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগ উঠেছে, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই রিকশাচালক নন; বরং তারা রাজনৈতিক দলের নেতাকর্মী।
এদিকে সায়েন্সল্যাব এলাকাতেও বিক্ষোভের চেষ্টা চলছে। বেলা সোয়া ১১টার দিকে বাটা সিগন্যাল থেকে একটি মিছিল সায়েন্সল্যাব মোড়ের দিকে এগিয়ে যায়।
অটোরিকশা চালকদের দাবি পূরণ না হলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন নেতারা। তবে তাদের এই কর্মসূচি সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলছে।