বিনোদনপ্রেমীদের জন্য দারুণ খবর! প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তিন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, নুসরাত জাহান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রাজশ্রী দে পরিচালিত নতুন ছবি *‘ও মন ভ্রমণ’* নিয়ে হাজির হচ্ছেন তারা।
ছবিটি ছোটবেলার চার বন্ধুর গল্প নিয়ে, যারা স্কুল শেষে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তারা আবার এক হয় বিদেশের মাটিতে। জমে থাকা জটিলতা কাটিয়ে তারা একসঙ্গে নতুনভাবে পথচলা শুরু করে।
নুসরাত জাহান অভিনয় করছেন বিজনেস টাইকুনের স্ত্রী শ্রুতির চরিত্রে। স্বস্তিকা মুখার্জি রয়েছেন সেই কোম্পানির কর্মী নন্দিনীর ভূমিকায়। অদ্রিজার চরিত্রে এমএলএ হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে। আর চতুর্থ বন্ধুর ভূমিকায় থাকছেন অভিনেত্রী ও কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। তিনি অভিনয় করছেন এক সাংবাদিকের চরিত্রে।
ছবিতে আরও থাকছেন জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিকসহ অনেকে। বন্ধুত্ব, জীবনের জটিলতা ও সম্পর্কের পুনর্মিলনের গল্পে ভরপুর এই ছবি সিনেমাপ্রেমীদের জন্য হতে পারে একটি বিশেষ উপহার।
পরিচালক রাজশ্রী দে-র নতুন এই উদ্যোগ ইতোমধ্যে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।