বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। বিপিএলসহ দেশের সব ধরনের ক্রিকেট লিগে আম্পায়ার, ম্যাচ রেফারি এবং স্কোরারদের সম্মানী বৃদ্ধি পেয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে আম্পায়ারদের আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানী ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব সভাপতি ফারুক আহমেদের কাছে উপস্থাপন করা হলে তিনি তা অনুমোদন করেন। এ মৌসুম থেকে নতুন হার কার্যকর হয়েছে।
জাতীয় লিগে আগে আম্পায়ারদের ম্যাচ ফি ছিল ৪০ হাজার টাকা, যা এখন ৬০ হাজার টাকা করা হয়েছে। বিপিএলে আম্পায়ারদের ম্যাচ ফি ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ হাজার টাকা ম্যাচ ফি দিয়ে বিপিএল শুরু করেছিলেন দেশি আম্পায়াররা, যা ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন দ্বিগুণ হয়েছে।
তবে দেশি-বিদেশি আম্পায়ারদের সম্মানীতে বৈষম্য এখনো রয়ে গেছে। বিদেশি আম্পায়ারদের প্রতি ম্যাচে ৫০০ ডলার ফি এবং যাতায়াত, থাকা ও দৈনিক ভাতা বাবদ প্রায় ১,০০০ ডলার ব্যয় করা হলেও দেশি আম্পায়ারদের ক্ষেত্রে এই সুবিধা নেই।
আগের বিপিএলে এই বৈষম্যের প্রতিবাদ করেছিলেন আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল এবং তানভীর আহমেদ। বর্তমান সভাপতি দায়িত্ব নেওয়ার পর আম্পায়ারদের সঙ্গে বৈঠক করে সম্মানী বাড়ানোর ব্যাপারে একমত হন। শুধু বিপিএল বা প্রথম শ্রেণির ক্রিকেট নয়, দেশের সব ধরনের ম্যাচেই সম্মানী বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্কোরার এবং ম্যাচ রেফারিরাও এর আওতায় এসেছেন।
বিসিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এটি স্থানীয় আম্পায়ারদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্বেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।