চীনের বাজারে আসতে যাচ্ছে অপো রেনো১৩ সিরিজ। ২৫ নভেম্বর স্মার্টফোনটি উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা কোম্পানিটি।
চীনের বাজারে আসতে যাচ্ছে অপো রেনো১৩ সিরিজ। ২৫ নভেম্বর স্মার্টফোনটি উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা কোম্পানিটি। খবর গ্যাজেট থ্রিসিক্সটি।
অপো এরই মধ্যে নকশা, র্যাম ও স্টোরেজ কনফিগারেশনসহ কী কী রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে তা প্রকাশ করেছে। আশা করা হচ্ছে, এ সিরিজে একটি বেজ মডেলের সঙ্গে প্রো ভ্যারিয়েন্টও থাকবে। এর আগে অপো রেনো১২ ও রেনো১২ প্রো উন্মোচন করা হয়েছিল।
কোম্পানির উইবো পোস্ট অনুসারে, চীনে অপো রেনো ১৩ সিরিজ আগামী সোমবার সন্ধ্যায় উন্মোচন করা হবে। ফোনটি বাটারফ্লাই পার্পল রঙে পাওয়া যাবে। তবে উন্মোচনের আগেই অন্যান্য রঙের বিষয়টি নিশ্চিত হওয়া যেতে পারে। একই দিনে অপো প্যাড৩ ও অপো এনকো আর৩ প্রো টিডব্লিউএস ইয়ারফোন উন্মোচনের কথাও জানিয়েছে কোম্পানিটি।
অপো চায়না ই-স্টোরের তালিকা অনুযায়ী, অপো রেনো১৩ বেজ মডেলটি ১২-১৬ গিগাবাইট (জিবি) র্যাম ও ২৫৬ জিবি থেকে ১ টেরাবাইট (টিবি) পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে।
এদিকে বাজারে আসতে যাওয়া মোবাইলের তথ্য প্রকাশকারী একটি ওয়েবসাইট রেনো১৩-র চিপসেট সম্পর্কে তথ্য দিয়েছে। তথ্যানুসারে, ২০২৫ সালের জানুয়ারিতে রেনো১৩ সিরিজ বিশ্বব্যাপী উন্মোচন করা হবে।
সূত্র বলছে, স্মার্টফোনটির বেজ ও প্রো উভয় ভ্যারিয়েন্টেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ চিপসেট ব্যবহার করা হবে। তবে কিছু সূত্র বলছে, রেনো১৩ প্রো মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট সম্বলিত হতে পারে, যা এখনো বাজারে আসেনি।
ডিজিটাল ডিভাইসের সক্ষমতা পরীক্ষাকারী বেঞ্চমার্কিং টুল গিকবেঞ্চের তথ্যানুযায়ী, পিকেকে১১০ মডেল নম্বরযুক্ত একটি অপো হ্যান্ডসেটতে অপো রেনো১৩ প্রো-র চীনা সংস্করণ বলে মনে করা হচ্ছে। এর সিপিইউ ও জিপিইউ কনফিগারেশন থেকে ধারণা করা হচ্ছে, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১৫ যুক্ত করা হবে বলে জানা গেছে।