শীত প্রায় দোরগোড়ায়, তবুও রাজধানীর বাজারে সবজির দামে নেই কোনো স্বস্তি। সাধারণত এ সময় সবজির দাম কম থাকার কথা থাকলেও বাস্তবে বাজার চিত্র ভিন্ন। ৮০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না, বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর মহাখালী, শান্তিনগর ও মালিবাগসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, গোল বেগুন, সিম, বরবটি, করলা, ধুন্দল, কচুর লতি, ঝিঙা, চিচিঙ্গা প্রতিটি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম ১৬০ টাকা, গাজর ১৮০ টাকা, আর কাঁচা মরিচ ২০০ টাকায় পৌঁছেছে।
সবজির দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা মৌসুম শেষের সবজির অল্প সরবরাহের কথা উল্লেখ করেছেন। শান্তিনগর বাজারের বিক্রেতা খোরশেদ আলম বলেন, “পাইকারি বাজারে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়ছে। শীতের নতুন সবজি বাজারে এলে দাম কমে আসবে।”
এদিকে ক্রেতারা এ মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ। মহাখালী বাজারে আসা চাকরিজীবী নাজমুল হক বলেন, “শীতকালে সবজির দাম সবচেয়ে কম থাকার কথা। কিন্তু এখন ৮০-১০০ টাকার নিচে কিছুই পাওয়া যাচ্ছে না। বাজার মনিটরিংয়ের অভাবে এমন পরিস্থিতি।”
বাজার পর্যবেক্ষণ অনুযায়ী, মুরগির দামে অবশ্য তেমন পরিবর্তন হয়নি। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা আশা করছেন, শীতের সবজি বাজারে আসার সঙ্গে সঙ্গে এ চড়া দামের অবসান ঘটবে এবং ক্রেতাদের জন্য বাজারে কিছুটা স্বস্তি ফিরবে।