দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। দুই বছর পর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানের শিরোনাম ‘যেদিন আমি থাকব না’। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মুহাম্মাদ মিলন, আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
‘যেদিন আমি থাকব না’ গানটিতে পূজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা, যেখানে পূজা ও শুভকেই দেখা গেছে মডেল হিসেবে।
গানটি সম্পর্কে পূজা বলেন, “নতুন গানের প্রত্যাশায় ছিলেন অনেক শ্রোতা। অবশেষে তাদের জন্য নতুন গান নিয়ে হাজির হলাম। প্রতিটি গানে ভিন্নতা আনার চেষ্টা করছি, এবং এই গানটিতে ফোক সুরের ছোঁয়ায় বিরহের আবহ তৈরি করেছি।”
দ্বৈত গানের মাধ্যমে বিরতি ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন পূজা, আর সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পুরনো সহশিল্পী কাজী শুভকে। তিনি বলেন, “গত ১০ বছরে আমাদের সব গানই শ্রোতাদের ভালো লেগেছে। আশা করছি, ‘যেদিন আমি থাকব না’ গানটিও শ্রোতাদের মন জয় করবে।”