বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য (এমপি) বেগম রোজী কবির মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোজী কবিরের স্বজনেরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে দাফনের জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছে।
রোজি কবির দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেগম রোজী কবির জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। তিনি সংরক্ষিত মহিলা আসন থেকে তিন বার এমপি হন।
চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহরের প্রখ্যাত জমিদার পরিবার আজগর আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন রোজী কবির। তার বড় ভাই সাবেক ডেপুটি স্পিকার ও পরিকল্পনামন্ত্রী ব্যারিস্টার সুলতান আহমেদ। ভাইয়ের হাত ধরে রাজনৈতিক যাত্রা শুরু করেন বেগম রোজি কবির।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি থাইল্যান্ড, চীন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদ সভা বিমস্টেক, সার্কের মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন রোজী কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।