ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোকে লভ্যাংশ প্রদানে নিষেধাজ্ঞা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো ব্যাংকের মূলধন ঘাটতি থাকলে, তারা লভ্যাংশ দিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা জানানো হয়। বৈঠকে গভর্নরের সাথে ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, তারল্য সংকট সামাল দিতে শক্তিশালী অবস্থানে থাকা ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সহায়তা দিতে অনুরোধ করা হয়েছে। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংক একটি সহায়তা মেকানিজম তৈরি করেছে, যা অন্য ব্যাংকগুলোকে অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে আন্তর্জাতিক বাণিজ্যে ঋণপত্রের (এলসি) ক্ষেত্রে কিছু ব্যাংকের সময়মত পেমেন্টে সমস্যার বিষয়ে আলোচনা হয়। গভর্নর এ বিষয়ে সতর্কতা জারি করেছেন এবং কোনো ব্যাংক যদি পুনর্বার এমন সমস্যার সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ডলার সঞ্চিত রাখার মাধ্যমে মূল্য বাড়িয়ে বিক্রির প্রবণতা নিয়ন্ত্রণে এবং মুদ্রা বাজারে স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে আলোচনা করা হয়েছে। জানানো হয়েছে, জানুয়ারি মাস পর্যন্ত ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে ক্রেডিট কার্ডের সুদের হার যৌক্তিক করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানানো হয় এবং ব্যাংকের কর্মীদের জন্য ডিপ্লোমা পরীক্ষা বাধ্যতামূলক না রেখে বিকল্প ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ