বছরের শুরুর দিকে বিটিভির ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বেলা ১১টায় তাঁকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাঈমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ কথা বলা হয়েছে।
অভিযোগের বিবরণে জানা গেছে, মাহফুজা আক্তার গত ২০২২-২০২৩ অর্থবছরের মাঝামাঝি জিএম হিসেবে ঢাকা কেন্দ্রের দায়িত্ব নেন। এই অর্থবছরে ২ জন জিএম দায়িত্ব পালন করেন। বরাদ্ধকৃত অর্থের মধ্যে ১ম জিএম যা ব্যয় করেছেন তার বাকি অংশ দিয়ে মাহফুজা আক্তারের অর্থবছর শেষ করার কথা। কিন্তু তা না করে মাহফুজা আক্তার ভুয়া বিল-ভাউচার ও বাজেটের মাধ্যমে সম্মানী কোড এবং অনুষ্ঠান/উৎসবাদি কোডে আর্থিক নিয়ম-শৃঙ্খলা বহির্ভূত অতিরিক্ত ১৩.২৮ কোটি টাকা খরচের নামে আত্মসাৎ করেছেন। এই বিশাল অর্থের কোনো বরাদ্ধ কিংবা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেই।
এ ছাড়া ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম কেন্দ্রে কতগুলো সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক ও অনুষ্ঠান নির্মাণ হয়েছিল, সেসবের তথ্যও চাওয়া হয়েছে।
এর মধ্যে নাটক ও অনুষ্ঠানের নাম, প্রযোজকের নাম, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর দিতে বলা হয়েছে। চিঠিতে গত ২০১৪-১৯ পর্যন্ত বিটিভির ঢাকা কেন্দ্রে মাহফুজা আক্তারের প্রযোজনাকৃত ধারাবাহিক ও সাপ্তাহিক নাটকের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর চাওয়া হয়েছে।