রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। শুধু পেঁপেই এখন সাশ্রয়ী দামের মধ্যে থাকলেও অন্যান্য সবজির মূল্য ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। গোল বেগুন, করোলা, শিম, বরবটি এবং কাঁকরোলের কেজি ১০০ টাকা, আর টমেটো ও গাজরের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১৬০ ও ১৮০ টাকা।
শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঝিঙা ৬০ টাকায়, কচুর লতি ৮০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, শসা ৮০ টাকায় এবং ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ টাকায়।
মহাখালী বাজারে আসা বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম বলেন, “শীতের আগে সবজির দাম কম থাকার কথা, কিন্তু বাজারে বেশিরভাগ সবজিই ১০০ টাকার ওপরে। এত দামে সবজি কিনলে অন্য প্রয়োজন মেটানো কঠিন।”
বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কম, শীতের নতুন সবজি উঠলে দাম কিছুটা কমবে। তবে ভোক্তারা দাবি করছেন, এমন সময়েও কার্যকর বাজার মনিটরিং না থাকায় ভোগান্তি বাড়ছে।