সেপ্টেম্বর মাসে দেশের ব্যাংক খাতে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, সেপ্টেম্বরে মানুষের হাতে থাকা প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যাংকিং খাতে ফিরেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৮৩ হাজার কোটি টাকা, যা আগস্টের তুলনায় ৯ হাজার কোটি টাকা কম। আগের মাসে এই পরিমাণ ছিল ২ লাখ ৯২ হাজার কোটি টাকা।
ব্যাংক কর্মকর্তারা মনে করছেন, সরকারের স্থিতিশীল অবস্থানে ফেরার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সংস্কার উদ্যোগে গ্রাহকদের ব্যাংকিং সেক্টরের প্রতি আস্থা বাড়ায় মানুষ আবার ব্যাংকে আমানত রাখতে শুরু করেছেন।
অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে ব্যাংকগুলোর আমানত প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় ৯,৭৪৮ কোটি টাকা বা ৭.২৬ শতাংশ বেড়ে ১৭ লাখ ৪১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। তবে আগস্ট মাসে মোট আমানত ছিল ১৭ লাখ ৩১ হাজার কোটি টাকা, যা জুলাইয়ের তুলনায় নেতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, গ্রাহকদের আমানতের টাকা নিরাপদ। একসাথে অনেক গ্রাহক টাকা তুলতে গেলে যে কোনো ব্যাংকেই চাপ সৃষ্টি হতে পারে, তবে সবার টাকাই ফেরত পাওয়া যাবে।
ব্যাংক খাতের এই স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় গ্রাহক আস্থার সঙ্গে অর্থনীতির চাঙ্গাভাবও ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।