ইন্টারনেটে অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যম থাকলেও প্রত্যেকটির সুরক্ষা ও ব্যবহারের অভিজ্ঞতা ভিন্ন। নতুন প্ল্যাটফর্মে সাইনআপ করার আগে নিচের বিষয়গুলো মনে রাখা জরুরি—
১. প্রাইভেসি ও ডাটা সুরক্ষা: প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব প্রাইভেসি নীতি রয়েছে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেমন বিজ্ঞাপন দেখানোর জন্য তথ্য শেয়ার করে, তেমনি সিগন্যাল ব্যবহারকারীদের তথ্যকে আরও গোপন রাখে। তাই নতুন মাধ্যমে যুক্ত হওয়ার আগে এ বিষয়গুলো যাচাই করা উচিত।
২. আগ্রহের মিল: আপনার আগ্রহের ওপর নির্ভর করে প্ল্যাটফর্ম বেছে নিন। যেমন, সংক্ষিপ্ত ভিডিওর জন্য টিকটক জনপ্রিয়, আর ছবি শেয়ারিংয়ে ইনস্টাগ্রাম। নিজের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী মাধ্যম বাছাই করুন।
৩. মনোযোগে ব্যাঘাত: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় মনোযোগের হ্রাস ঘটে। বিশেষ করে ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে মনোযোগে বেশি ব্যাঘাত ঘটায়। যদি নতুন কোনো মাধ্যম আপনার মনোযোগে সমস্যা তৈরি করে, তবে তা এড়িয়ে চলাই ভালো।
৪. অডিয়েন্স প্রোফাইল: প্রতিটি প্ল্যাটফর্মের ব্যবহারকারী ভিন্ন। উদাহরণস্বরূপ, ফেসবুক সব বয়সীদের জন্য হলেও ইনস্টাগ্রাম ও টিকটক তরুণদের মধ্যে বেশি জনপ্রিয়। অন্যদিকে লিংকডইন পেশাদারদের জন্য আদর্শ। সঠিক অডিয়েন্স বিবেচনা করে প্ল্যাটফর্ম নির্বাচন করুন।

৫. অ্যাপ ফিচার ও ব্যবহার সুবিধা: নতুন অ্যাপের ফিচারগুলো কেমন তা যাচাই করুন। যেমন ফেসবুক ও ইনস্টাগ্রামে স্টোরি দেখা গেলেও ফিচারগুলো ভিন্ন। ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো হলে প্ল্যাটফর্মটি দীর্ঘমেয়াদে আকর্ষণীয় হতে পারে।
৬. প্ল্যাটফর্মের স্থায়িত্ব: নতুন প্ল্যাটফর্মে সময় ব্যয় করার আগে যাচাই করুন, সেটি কতটা টেকসই হতে পারে। প্রতিষ্ঠানের ব্র্যান্ড মূল্য ও মালিকানা বুঝে নতুন মাধ্যমে যুক্ত হওয়া ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে।


















