আন্তর্জাতিক ক্রিকেটে দুঃসময় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও ব্যাটিং বিপর্যয়ে ৯২ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ চলাকালেই এসেছে আরেকটি দুঃসংবাদ—কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। এই চোটের কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা প্রায় অনিশ্চিত।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, প্রাথমিকভাবে ফ্র্যাকচারের সন্দেহ করা হচ্ছে, যা মুশফিকের পরবর্তী ম্যাচে অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। তবে আজ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
উল্লেখ্য, শারজাহতে অনুষ্ঠিত এই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৩৫ রানে অলআউট হয়। বাংলাদেশের ইনিংসে প্রথমদিকে ভালো শুরু হলেও ৩ উইকেটে ১৩১ থেকে শেষ ৭ উইকেট মাত্র ১২ রানে হারিয়ে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ, ফলে ম্যাচটি হাতছাড়া হয় নাজমুল হোসেন শান্তদের জন্য।