প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগসীমা বাতিল করেছে সরকার। এখন থেকে তারা এ বন্ডে ইচ্ছামতো বিনিয়োগ করতে পারবেন। রবিবার (৩ নভেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়, যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নতুন নির্দেশনায় প্রবাসীদের জন্য বিনিয়োগে সুনির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা থাকছে না এবং স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের সুবিধা আরও যৌক্তিক করা হয়েছে। এছাড়া, বিদেশি শিপিং ও এয়ারলাইন কোম্পানির বিদেশি অফিসে কর্মরত বাংলাদেশি মেরিনার, পাইলট, ও কেবিন ক্রুদের জন্যও এই বন্ডে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।
এদিকে, পেনশনভোগীদের সুবিধার্থে পেনশনার সঞ্চয়পত্রে তিন মাসের পরিবর্তে মাসিক মুনাফা প্রদানের নিয়মও চালু করা হয়েছে। জাতীয় সঞ্চয় স্কীমের আওতাধীন বিভিন্ন বন্ড ও সঞ্চয়পত্রে পুনঃবিনিয়োগ সুবিধা রাখা হয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা মুনাফাসহ মূল অর্থ পুনঃবিনিয়োগ করতে পারবেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আশা করছে, প্রবাসীদের এই বিনিয়োগের মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।