পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। প্রযু্ক্তি খাতের কোম্পানিটি গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ হাই-টেক পার্কে দীর্ঘ মেয়াদের জন্য এক একর জমি লিজ নিয়েছে। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এ-সংক্রান্ত একটি কৌশলগত লিজ চুক্তি করেছে প্রতিষ্ঠনিটি।
এডিএন টেলিকম কালিয়াকৈর হাই-টেক পার্কের এই প্রকল্পে আইটি/আইটিইএস ডিভাইস, সফটওয়্যার, আইওটি সমাধান এবং এআই-ভিত্তিক ইলেকট্রনিক উপাদান উৎপাদন সুবিধা বাড়াবে। এর আগে চলতি বছরের শুরুতে এডিএন টেলিকম তাদের ব্যবসা সম্প্রসারণে সিলেটেও হাই-টেক পার্কে একটি জায়গা লিজ নিয়েছে।
কালিয়াকৈর হাই-টেক পার্কে জমির লিজ চুক্তি হয়েছে গত ২৮ অক্টোবর।বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পার্ক কর্তৃপক্ষের ক্রয় বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত চার্জ) শাহরিয়ার আল হাসান এবং এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেনরি হিল্টন এবং উভয় সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এডিএন টেলিকমের বুধবার (৩০ অক্টোবর) সমাপনী শেয়ার দর ছিল ৮৪ টাকা ৯০ পয়সা। কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। ৩০ জুন ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। কোম্পানিটিতে মোট শেয়ার রয়েছে ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬ টাকা, যার মধ্যে স্পন্সর পরিচালকদের শেয়ার রয়েছে ৪২ দশমিক ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৯ দশমিক ৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগ ১ দশমিক ৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে ৩৫ দশমিক ৫১ শতাংশ শেয়ার।