ব্যালন ডি’অরের মঞ্চে আলো কেড়ে নিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ফ্রান্স ফুটবলের দেওয়া বর্ষসেরা গোলরক্ষকের সম্মান, ইয়াশিন ট্রফি এবার নিয়ে পরপর দুইবার জিতলেন তিনি। সোভিয়েত গোলরক্ষক লেভ ইয়াশিনের স্মরণে দেওয়া এই ট্রফিটি প্রথমবারের মতো একজন গোলরক্ষকের হাতে টানা দ্বিতীয়বার উঠল।
মার্তিনেজ এবার ব্যালন ডি’অরের সেরা ৩০-এর মধ্যে একমাত্র গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন। গেল মৌসুমে অ্যাস্টন ভিলাকে প্রায় ৬০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়ে আনার পাশাপাশি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের ধারাবাহিকতায়, তার অসাধারণ পারফরম্যান্সই তাকে সেরা গোলরক্ষক হিসেবে প্রমাণ করেছে।
পুরস্কার গ্রহণের সময় মার্তিনেজ আবেগঘন কণ্ঠে বলেন, “এটা আমার জন্য অনেক বড় পুরস্কার। জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলার স্বপ্ন ছিল আমার, আর এখন এই সাফল্য। প্রথমবার এই পুরস্কার জেতাই অনেক সম্মানের, আর দ্বিতীয়বার জেতা যেন অবিশ্বাস্য।”
২০১৯ সালে চালু হওয়া ইয়াশিন ট্রফিটি এর আগে ব্রাজিলের অ্যালিসন বেকার, ইতালির জিয়ানলুইজি ডোনারুম্মা, ও বেলজিয়ামের থিবো কর্তোয়াও পেয়েছিলেন। কিন্তু পরপর দুইবার এই সম্মান অর্জন করে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ।