দেশের শেয়ারবাজারে রোববার ব্যাপক দরপতন হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর এসইএমই খাতের কোম্পানিতেও। এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি নিয়ালকো অ্যালোয়েসের এক দিনেই দর কমেছে ১৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ৩৮ দশমিক ৫৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) লভ্যাংশ ঘোষণা করায় আজ শেয়ারটির দর বৃদ্ধি বা কমার কোন সীমা ছিল না। এতে শেয়ারটির সর্বোচ্চ দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
নিয়ালকোর শেয়ারটির সমাপনী দর ছিল ২৯ টাকা ৫০ পয়সা। এদিন শেয়ারটি সর্বনিম্ন ২৮ টাকা থেকে সর্বোচ্চ ৩৯ টাকা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ২২ বারে ১৮ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন করে।
উল্লেখ্য, নিয়ালকো ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৬ পয়সা।
একদিনেই নিয়ালকোর শেয়ারে বড় দরপতনকে অস্বাভাবিক মনে করছেন বিনিয়োগকারীরা। শেয়ারটির পতনের পেছনে কারসাজি চক্রের হাত রয়েছে নাকি স্বাভাবিক দরপতন সেটা নিয়ন্ত্রক সংস্থাকে খতিয়ে দেখার আহ্বান জানান তারা।



















